নেত্রকোনায় ‘দে-ছুট ভ্রমণ সংঘ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৬ সম্পন্ন
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন ‘দে-ছুট ভ্রমণ সংঘ’-এর উদ্যোগে সম্প্রতি ‘বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই পর্বে বিভক্ত এই কর্মসূচীর আওতায় স্থানীয় দুটি মাদ্রাসায় নারকেলসহ বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, কর্মসূচীর প্রথম পর্ব নেত্রকোনা জেলার মদন উপজেলার আকাশ্রী গ্রামে অবস্থিত জা’মিয়া মাদ্রাসাতুল আবরার বাগে মিজান প্রাঙ্গণে এবং দ্বিতীয় পর্ব নেত্রকোনা সদর উপজেলার পাঁচকাউনিয়া গ্রামে অবস্থিত ফাতেমা আমির আলী মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জা’মিয়া মাদ্রাসাতুল আবরার-এর মুহতামিম ও আদি ঢাকা ইসলামপুর নবাববাড়ি জামে মসজিদের খতিব হযরত মুফতি নজরুল ইসলাম (দা:বা), ফাতেমা আমির আলী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা খালিদ জামিল রাহমানি (দা:বা) এবং ওস্তাদ মাওলানা তোফায়েল হাসানসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কর্মসূচীতে আরও অংশ নেন দে-ছুট ভ্রমণ সংঘ’র চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম, এডভোকেট নাজমুল হোসেন বিবেক, ইয়াসির ইউশা, সানাউল্লাহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

“সবুজে হবে সয়লাব – আমার প্রিয় বাংলাদেশ” এই আশাবাদ ব্যক্ত করে সংগঠনের চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত আলেম সমাজের কাছে দোয়া প্রার্থনা করেন।

তিনি জানান, নিয়মিত ভ্রমণের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা থেকে দে-ছুট ভ্রমণ সংঘ প্রতি বছর এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সংগঠনের সক্রিয় ভ্রমণবন্ধুদের সহযোগিতা কামনা করেন।






আপনার মতামত লিখুন