মার্কিন জ্বালানি সচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অস্থিরতায় সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে ওয়াশিংটন ডিসি-তে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনায় বসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।
বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের অস্থিরতার কারণে বাংলাদেশ জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের কারিগরি ও কৌশলগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর জবাবে মার্কিন জ্বালানিমন্ত্রী জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত এবং এই সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আলোচনায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। দুই দেশ নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা, যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির সুযোগ বাড়ানো এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়।
এ সময় উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।






আপনার মতামত লিখুন