ব্যাটিং ব্যর্থতায় শিরোপা হাতছাড়া, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারত
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের বোলিং আশার আলো জাগালেও ব্যাটিং ব্যর্থতায় শিরোপা হাতছাড়া হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। ৪৬ রানের জয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত নারী ক্রিকেট দল।
রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যাংককে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে ভারত। তেজাল হাসাবনিস ৩৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন (৩ চার, ২ ছক্কা)। অধিনায়ক রাধা যাদব করেন ৩৬ রান এবং দীনেশ ব্রিন্দা যোগ করেন ১৯ রান।
বাংলাদেশের হয়ে অধিনায়ক ফাহিমা খাতুন দুর্দান্ত বোলিং করে ২৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল-এর। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৬ রান তোলে দলটি। তবে এরপরই ব্যাটিং ধসে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতে মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা। শারমিন সুলতানা করেন ১৮ রান, ফাহিমা খাতুন ১৪ এবং সাদিয়া আক্তার যোগ করেন ১০ রান। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
ভারতের পক্ষে প্রেমা রাওয়াট নেন ৩ উইকেট, আর সোনিয়া ও তানুজা নেন ২টি করে উইকেট।
উল্লেখ্য, ২০২৩ সালে হংকংয়ে অনুষ্ঠিত প্রথম আসরেও বাংলাদেশের ‘এ’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।






আপনার মতামত লিখুন