বিএনপির নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজারের গুরুত্বকে স্বাগত জানাল ডিবিএ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারকে দেশের পুঁজিবাজারের জন্য ইতিবাচক ও আশাবাদী বার্তা হিসেবে দেখছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
পুঁজিবাজার সংস্কার ও উন্নয়নে বিএনপির সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, ইশতেহারে পুঁজিবাজারকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করায় বিনিয়োগ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এতে পুঁজিবাজারের কাঠামোগত সংস্কার, ভবিষ্যৎ উন্নয়ন কৌশল ও প্রয়োজনীয় করণীয় বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো দল পুঁজিবাজারকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে এবং এ খাতের উন্নয়ন ও সংস্কার নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছে।
সাইফুল ইসলাম আরও বলেন, অতীতে পুঁজিবাজারকে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এমন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে দেখা যায়নি। ডিবিএ দীর্ঘদিন ধরে পুঁজিবাজারকে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিল। বিএনপির ঘোষিত ইশতেহারে সেই দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।
ডিবিএ আশা প্রকাশ করে জানায়, ইশতেহারে ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে। একই সঙ্গে বাজারের টেকসই উন্নয়ন ও সার্বিক গতিশীলতা আরও বাড়বে বলে মনে করে সংগঠনটি।






আপনার মতামত লিখুন