শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে দেওয়া এক ফেসবুক বার্তায় জানানো হয়, দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন নুরুজ্জামান বাদল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি শেরপুর জেলা জামায়াতের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে দলের মনোনীত প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে জামায়াতে ইসলামীসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন।






আপনার মতামত লিখুন