আজও ঢাকার তিন স্থান অবরোধ: যান চলাচল বন্ধ
৭ কলেজের শিক্ষার্থীরা আজও সায়েন্সল্যাবসহ রাজধানীর তিন স্থানে অবরোধ করেছেন।প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে মূলত তাদের এই কর্মসূচি।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। ফলে সায়েন্সল্যাব এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীরা সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্সল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে অবরোধ করেন।
এর আগে গতকাল বুধবার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়ে গতকালের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন তারা।
শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে লাগাতার কর্মসূচি চলবে।
শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।আজকের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না।
এর আগে গতকাল রাজধানীর সায়েন্সল্যাবসহ বিভিন্ন মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।






আপনার মতামত লিখুন