জকসু নির্বাচনে ২০ কেন্দ্রের ফল প্রকাশ: ভিপিতে রাকিব এগিয়ে, জিএস-এজিএসে শিবির এগিয়ে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলমান রয়েছে। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলে ভিপি পদে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব। অন্যদিকে জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।
২০টি কেন্দ্রের সমন্বিত ফল অনুযায়ী— ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩১৬ ভোট, আর ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ৪০৪ ভোট। এতে ভিপি পদে রাকিব ৮৮ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২ হাজার ৪৮৭ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ১০৪ ভোট।
এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ২ হাজার ২৩৪ ভোট এবং ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ২ হাজার ৪১ ভোট।
এখনো ১৯টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে সর্বশেষ ঘোষিত ফলাফলে সঙ্গীত বিভাগে ভিপি পদে এ কে এম রাকিব ১২৫ ভোট পেলেও শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম মাত্র ৪ ভোট পান। ওই কেন্দ্রে শিবিরের জিএস ও এজিএস প্রার্থী কোনো ভোট পাননি।
এ পর্যন্ত ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স, চারুকলা, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি, দর্শন, প্রাণিবিদ্যা, মার্কেটিং, বোটানি, আইন ও ভূমি প্রশাসন, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যানসহ একাধিক বিভাগের ফল প্রকাশ করা হয়েছে।
বিভিন্ন বিভাগে কোথাও শিবির সমর্থিত প্যানেল প্রাধান্য পেয়েছে, আবার কোথাও ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। কয়েকটি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই এবং কোথাও সমতার ফলও দেখা গেছে।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের পরই চূড়ান্ত চিত্র পরিষ্কার হবে।






আপনার মতামত লিখুন