গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল: চূড়ান্ত প্রতিবেদনে কমিশন
গুম তদন্ত কমিশন রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গুম ও হত্যাকাণ্ডের বিস্তৃত তথ্য।
কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্যরা ও অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কমিশন জানায়, এক হাজার ৯১৩টি অভিযোগের মধ্যে যাচাই-বাছাই শেষে এক হাজার ৫৬৯টি অভিযোগকে গুম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৮৭টি ‘মিসিং অ্যান্ড ডেড’ ক্যাটাগরিতে পড়েছে।
কমিশন সদস্যরা জানিয়েছেন, গুমের বেশিরভাগ শিকার বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী। জীবিত থাকা শিকারদের মধ্যে ৭৫ শতাংশ জামায়াত-শিবির, ২২ শতাংশ বিএনপি। এখনও নিখোঁজদের মধ্যে ৬৮ শতাংশ বিএনপি ও ২২ শতাংশ জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
তদন্তে হাই-প্রোফাইল ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এই প্রতিবেদনকে “ঐতিহাসিক কাজ” আখ্যায়িত করেন এবং বলেন, “মানবতার বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিস্তারিত ডকুমেন্টেশন করা হয়েছে। দেশের সব প্রতিষ্ঠানকে ব্যবহার করে জনগণের ওপর পৈশাচিক আচরণ প্রতিহত করতে হবে।”
তিনি কমিশনকে নির্দেশ দিয়েছেন, প্রতিবেদন সহজ ভাষায় জনগণের কাছে পৌঁছে দিতে এবং ভবিষ্যতে করণীয় সুপারিশপত্র তৈরি করতে। এছাড়া, যেসব এলাকায় বিচারবহির্ভূত হত্যা ও লাশ গুমের ঘটনা ঘটেছে, সেগুলো ম্যাপিং করতে বলা হয়েছে।
তদন্তে বেরিয়ে এসেছে, বরিশালের বলেশ্বর নদী, বুড়িগঙ্গা নদী ও মুন্সিগঞ্জে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ও লাশ গুমের ঘটনা ঘটেছে।






আপনার মতামত লিখুন