সফিপুরে দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ মহাসড়ক সংস্কার
উলামা-তলাবা মানবিক সংগঠনের উদ্যোগে স্বস্তি ফিরল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ঢাকা–টাঙ্গাইল–গাজীপুর মহাসড়কের একটি ভাঙা পাকা রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। প্রতিদিন এই সড়কে ছোট-বড় যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছিল পথচারী ও চালকদের।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সফিপুরের যমুনা রোড মোড়ে বেহাল অবস্থায় পড়ে থাকা ওই সড়কটি সংস্কার করা হয়। উলামা-তলাবা মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মো. আনিসুর রহমানের উদ্যোগে এবং যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগিতায় এই সংস্কার কাজ সম্পন্ন হয়।

স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে প্রতিনিয়ত সিএনজি, অটো, রিকশা, ভ্যান, ট্রাক ও কাভারভ্যানসহ হাজারো যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছিল।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত টানা সংস্কার কাজ চলে। এ সময় এলাকাবাসী, চালক ও পথচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্টদের প্রশংসা করেন।
এ বিষয়ে হাফেজ মো. আনিসুর রহমান বলেন,“এ ধরনের সামাজিক কাজ কোনো প্রদর্শনীর জন্য নয়। মানুষের দুর্ভোগ লাঘব এবং মানবতার কল্যাণেই আমাদের এই প্রচেষ্টা। সমাজের সচেতন ও দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।”
স্থানীয়দের আশা, এই সংস্কারের মাধ্যমে সফিপুর এলাকার ব্যস্ত সড়কটি আবারও নিরাপদ চলাচলের উপযোগী হবে।






আপনার মতামত লিখুন