রোকেয়া পদকে সম্মানিত হচ্ছেন ঋতুপর্ণা চাকমা
বাংলাদেশে নারী জাগরণের প্রতীক বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে প্রতিবছর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করে। সমাজে নারীর অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ বছর চার নারীকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
নারী শিক্ষায় বিশেষ ভূমিকার জন্য নির্বাচিত হয়েছেন ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে পদক পাচ্ছেন কল্পনা আক্তার। মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য বিবেচিত হয়েছেন ড. নাবিলা ইদ্রিস। আর ক্রীড়াঙ্গনে নারীদের উজ্জ্বল করে তোলায় বিশেষ ভূমিকার কারণে সম্মানিত হচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা।
ফুটবল মাঠে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসা ঋতুপর্ণা বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তার জোড়া গোলেই বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেয়। সাফ চ্যাম্পিয়নশিপেও তার গোলেই বাংলাদেশ নেপালকে হারিয়ে ইতিহাস গড়ে। নানা সামাজিক বাধা পেরিয়ে তিনি এখন দেশের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই পদক প্রদান করা হয়। চলতি বছর একই দিনে রাষ্ট্রীয় আয়োজনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
গত বছর ক্রীড়াবিদদের মধ্যে প্রথমবারের মতো এই পদক পেয়েছিলেন কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ঋতুপর্ণার নাম।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ ২০২৫ সালে পেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল—যা দলীয়ভাবে ক্রীড়াঙ্গনের জন্য প্রথম সম্মাননা।






আপনার মতামত লিখুন