কুমিল্লা-৫ আসনে প্রার্থী–কর্মী দ্বন্দ্বে অস্বস্তিতে বিএনপি
মাঠে সংগঠিত প্রচারণায় এগিয়ে জামায়াত
কুমিল্লা-৫ আসনকে কেন্দ্র করে নির্বাচনী উত্তাপ বাড়ছে প্রতিদিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের আগ্রহও এবার তুলনামূলক বেশি। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে প্রার্থীদের আচরণ, প্রচারণা এবং জনপ্রিয়তা বড় প্রভাব ফেলছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ আসনে বেশ আগেই প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ড. মোবারক হোসাইন। দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, মোটরসাইকেল র্যালি, বাজার মনিটরিংসহ নানা কর্মসূচির মাধ্যমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পূর্বে শেখ হাসিনার সরকার আমলেও একই আসনে তাকে মনোনয়ন দিয়েছিল জামায়াত।
অন্যদিকে, বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন কুমিল্লা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম। তবে মনোনয়ন ঘোষণার পর থেকেই অভ্যন্তরীণ কোন্দলে চাপের মুখে পড়েছেন তিনি। দলের একটি বড় অংশ সমর্থন দিচ্ছে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান মিজানকে। ব্রাহ্মণপাড়া উপজেলাতেও কয়েকজন স্থানীয় প্রতিনিধি জসিম উদ্দিনের বিপক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা যাচ্ছে।
অভিযোগ উঠেছে, কয়েকটি বিতর্কিত ঘটনার কারণে সাধারণ ভোটারদের মাঝে অস্বস্তি তৈরি হয়েছে বিএনপি প্রার্থীকে ঘিরে—যেমন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, পোস্টারের ওপর পোস্টার লাগানোসহ ছোটখাটো উত্তেজনামূলক কর্মকাণ্ড। এতে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
ড. মোবারক হোসাইন বলেন— “যে পরিস্থিতিই সৃষ্টি হোক, আমরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবো না এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখবো।”
অন্যদিকে, জসিম উদ্দিন বলেন— “আমার বিরুদ্ধে অভ্যন্তরীণ ও বাহ্যিক মহলের অপপ্রচার চলছে। তবুও কুমিল্লা-৫ এ একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”
আগামী নির্বাচনকে সামনে রেখে দুই দলের প্রার্থীর প্রচারণা জোরদার হলেও, অভ্যন্তরীণ বিভাজন বিএনপিকে কিছুটা চাপের মুখে ফেলেছে বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল।






আপনার মতামত লিখুন