সরিষাবাড়ীতে অনুমোদন ছাড়া সরকারি জমিতে ইমারত নির্মাণ
জরিমানা ২০ হাজার টাকা
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ মোড় এলাকায় পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরকারি জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগে স্থানীয় বাসিন্দা লক্ষী চান চৌধুরীর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পৌর প্রশাসন।
রবিবার (২ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার দিয়ারকৃষ্ণনাই এলাকার বাসিন্দা লক্ষী চান চৌধুরী, তার স্ত্রী ডেলিয়া চৌধুরী, ছেলে বিজয়, সঞ্জয়, হৃদয় ও রাজীবসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে সরকারি জমিতে অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ করে আসছিলেন।
গত শুক্রবার (৩১ অক্টোবর) সাংবাদিক ইসমাইল হোসেন ও তৌকির আহমেদ হাসু তথ্য সংগ্রহে গেলে, লক্ষী চান চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী তাদের হেনস্থা করে এবং হুমকি প্রদান করে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সাংবাদিক ইসমাইল হোসেন বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এরপর শনিবার (১ নভেম্বর) রাতে সরকারী ভূমিতে নির্মাণ বিষয়ে প্রশ্ন করলে সঞ্জয় চৌধুরী ও তার সহযোগীরা স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে লক্ষী চান চৌধুরী সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি সভাপতি ফয়জুল কবির তালুকদার শাহীন, যুবদল নেতা দুলাল মিয়া, লিটন মিয়া, রুবেল মিয়াসহ আরও ১০–১২ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।
এছাড়া স্থানীয় নজরুল ইসলাম-ও একই বিষয়ে লক্ষী চান চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেন।
সরকারি জমি দখল করে অনুমতি ছাড়াই স্থাপনা নির্মাণ এবং একাধিক অভিযোগের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় পৌর প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
পৌর প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন—
“আইনের শাসন প্রতিষ্ঠায় এটি একটি সাহসী উদ্যোগ, যা ভবিষ্যতে অবৈধ নির্মাণ রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।”






আপনার মতামত লিখুন