সম্মেলনে হালকা মুহূর্ত
মেলোনিকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মিসরে আয়োজিত বিশ্বনেতাদের সম্মেলনে এক ভিন্নধর্মী দৃশ্যের জন্ম দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গম্ভীর রাজনৈতিক আলোচনার ফাঁকেই তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ দিয়ে আলোচনায় আসেন।
সোমবার (১৩ অক্টোবর) লোহিত সাগর তীরের শহর শারম আল শেখে অনুষ্ঠিত ওই সম্মেলনের এক অনানুষ্ঠানিক পর্বে এরদোয়ান ও মেলোনির মধ্যে হাস্যরসপূর্ণ কথোপকথন হয়। একপর্যায়ে এরদোয়ান বলেন, “আমি দেখলাম, আপনি বিমান থেকে নামলেন—দারুণ লাগছিল। কিন্তু একটা ব্যাপার আছে, আপনার ধূমপানের অভ্যাসটা ছাড়তে হবে।”
তার এই মন্তব্যে পাশে থাকা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ হেসে বলেন, “এটা তো অসম্ভব!” মেলোনিও হেসে জবাব দেন, “আমি জানি, আমি কারও ক্ষতি করতে চাই না।”
এরদোয়ান বহু বছর ধরে তুরস্কে ধূমপানবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেশটিকে ‘ধূমপানমুক্ত তুরস্ক’ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে তিনি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছেন। সরকার ২০২৪–২০২৮ সালের মধ্যে জাতীয় পর্যায়ে ধূমপানবিরোধী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে, যার আওতায় থাকবে প্রচারণা, চিকিৎসা সহায়তা এবং কঠোর আইন প্রয়োগ।
অন্যদিকে, প্রধানমন্ত্রী মেলোনি অতীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার কূটনৈতিক জীবনের একাংশে ধূমপান ছিল ‘সহায়ক অভ্যাস’। অনেক সময় অন্য নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় সম্পর্ক গড়ে তুলতেও এটি ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন।
তবে এরদোয়ানের এই মন্তব্যের পর মেলোনির পুরোনো অভ্যাস আবারও আলোচনায় এসেছে—বিশেষ করে এমন এক সময়, যখন তারা দুজনই ফিলিস্তিন–ইসরায়েল যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছিলেন।
গুরুতর কূটনৈতিক পরিবেশেও দুই নেতার এই বন্ধুত্বপূর্ণ আলাপ বৈঠকে এক হালকা মুহূর্ত তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ইতোমধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।






আপনার মতামত লিখুন