সুদের টাকা আদায়ের জন্য বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন
সুদের টাকা আদায়ের জন্য এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। তার নাম আলী আকবর (৭০)।
এ সময় হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘটে। অভিযুক্ত বোরহান একই গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত আজগর মিয়ার মেয়ের জামাই। তিনি শ্বশুরবাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন। একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন সুদের ব্যবসা করে আসছেন।
এদিকে, ঘটনাটি অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফেসবুকসহ বিভিন্ন মহলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত বোরহানকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।






আপনার মতামত লিখুন