ইনজুরিতে ছিটকে গেলেন থিয়াগো আলমাদা: আর্জেন্টিনার প্রীতি ম্যাচে থাকছেন না
থিয়াগো আলমাদা
অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচগুলোতে লিওনেল স্কালোনির দল মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর। তবে ম্যাচের আগে দলে এসেছে দুঃসংবাদ—ইনজুরির কারণে ছিটকে গেছেন তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদা।
৩ অক্টোবর স্কালোনি ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন আলমাদা। কিন্তু মাংসপেশির চোটের কারণে এখন তাঁকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। গতকাল লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলতে পারেননি এই আর্জেন্টাইন ফুটবলার। অ্যাতলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে জানান, “সে এখনো প্রতিদ্বন্দ্বিতার মতো অবস্থায় ফেরেনি।”
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, আলমাদা বর্তমানে নিয়মিত অনুশীলনে ফিরলেও ম্যাচ খেলার মতো সম্পূর্ণ ফিট নন। জাতীয় দলের হয়ে খেলার সময়ই তিনি চোট পান এবং প্রায় তিন সপ্তাহ ধরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে আর্জেন্টিনা এখনো তাঁর বিকল্প হিসেবে নতুন কোনো খেলোয়াড় ডাকেনি।
২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার এর আগে ৫ সেপ্টেম্বর সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন। ইনজুরির কারণে ক্লাব অ্যাতলেটিকোর হয়ে তিনি ইতোমধ্যেই সাতটি ম্যাচে অংশ নিতে পারেননি। আগামী ১৯ অক্টোবর ওসাসুনার বিপক্ষে ম্যাচে তাঁকে ফিট অবস্থায় পাওয়ার আশা করছেন সিমিওনে।
এদিকে, আর্জেন্টিনা তাদের প্রথম প্রীতি ম্যাচ খেলবে ১০ অক্টোবর ফ্লোরিডার মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৩ অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে। দলে রয়েছেন লিওনেল মেসি, যদিও তাঁর খেলা এখনো নিশ্চিত নয় কারণ মেসির ক্লাব ইন্টার মায়ামির একই সময় এমএলএস লিগে ম্যাচ রয়েছে।
এ ছাড়া প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন আনিবাল মোরেনো, লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।






আপনার মতামত লিখুন