ইতালিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিদায় নিল ব্রাজিল
চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ডি গ্রুপের শেষ ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। রোববার (৫ অক্টোবর) ভোরে ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা নিশ্চিত করেছে আলবিসেলেস্তে যুবারা।
পুরো ম্যাচজুড়ে আক্রমণভাগে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। বল দখলে ৬১ শতাংশ এগিয়ে থাকা দলটি মোট ১৩টি শট নেয়, যার একটি থেকেই গোল আসে ৭৪তম মিনিটে। আনদ্রাদার নিখুঁত পাস থেকে ডিলান তমাস গোরোসিতো করেন ম্যাচের একমাত্র গোল।
ইতালি একবার জালের দেখা পেলেও, আক্রমণের শুরুতে ফাউল শনাক্ত করে ভিএআরের সহায়তায় গোলটি বাতিল করেন রেফারি।
অন্যদিকে, সি গ্রুপে হতাশার রাত কাটিয়েছে ব্রাজিল। শেষ ষোলোতে ওঠার আশায় স্পেনের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না সেলেসাওদের সামনে। কিন্তু সুযোগ নষ্ট ও দুর্ভাগ্যের কারণে গোলশূন্যই থাকতে হয় তাদের। অষ্টম মিনিটে জোয়াও ক্রুজের দুর্দান্ত ভলি পোস্টে লেগে ফিরে আসে।
এরপর ৪৭তম মিনিটে ইকার ব্রাভোর গোলেই স্পেন ১-০ ব্যবধানে জয়ের আনন্দে মাঠ ছাড়ে। পাবলো গার্সিয়ার পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাভো। ফলে ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় ব্রাজিল।






আপনার মতামত লিখুন