জেনেভায় গাজা সংহতি বিক্ষোভে উত্তেজনা: সংঘর্ষে পাঁচ পুলিশ আহত
সুইজারল্যান্ডের জেনেভায় গাজা সংহতি মিছিলে সংঘর্ষের ঘটনায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে শহরের কেন্দ্র দিয়ে প্রায় তিন হাজার মানুষের বিক্ষোভ এগোতে থাকলে পরিস্থিতি উত্তেজনায় রূপ নেয়।
প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এ বিক্ষোভ একপর্যায়ে একটি সেতুর দিকে অগ্রসর হলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ভাঙচুর ও বস্তু নিক্ষেপ শুরু হলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও ওয়াটার ক্যানন ব্যবহার করে।
রয়টার্সে পাঠানো ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের ওপর পানি ছিটানো হচ্ছে, ফ্লেয়ার ছোড়া হচ্ছে এবং দাঙ্গা পুলিশ লোকজনকে জোর করে সরে যেতে বাধ্য করছে।
শুক্রবার পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত পাঁচ কর্মকর্তার বিষয়ে তদন্ত চলছে। পুলিশের মুখপাত্র বলেন, “বিক্ষোভকারীদের সহিংস আচরণের কারণেই আমাদের টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করতে হয়েছে।”
সুইজারল্যান্ডে এ ধরনের সহিংস বিক্ষোভ খুব বিরল হলেও সাম্প্রতিক সময়ে গাজা ইস্যুতে প্রতিবাদ বাড়ছে। শুধু জেনেভাই নয়, জুরিখ, বার্ন ছাড়াও ইতালি ও কলম্বিয়ায়ও একই দাবিতে বিক্ষোভ হয়েছে।
এ ঘটনার আগে সপ্তাহের শুরুতে ইসরায়েলি বাহিনী প্রায় ৪০টি নৌকা আটকায়। গাজার অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করা ওই নৌকাগুলোতে ছিলেন ৪৫০ জনেরও বেশি বিদেশি কর্মী, যাদের মধ্যে সুইস নাগরিক এবং সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও ছিলেন।






আপনার মতামত লিখুন