প্রবাসীর স্ত্রী নিয়ে পালানোর অভিযোগ ছাত্রদল নেতার
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে। এরপর বুধবার (১ অক্টোবর) এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযুক্ত রিয়াদ চরবগুলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে পরিচিত।
উধাও গৃহবধূ সুমাইয়া আক্তার স্থানীয় প্রবাসী মো. রাশেদের স্ত্রী। তাদের চার বছরের এক পুত্রসন্তান রয়েছে। পরিবারের দাবি, সুমাইয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
প্রবাসী রাশেদের বাবা আবুল খায়ের অভিযোগ করে বলেন, “আমার ছেলের স্ত্রী টাকা-পয়সা ও গহনা নিয়ে পালিয়েছে। রিয়াদ ছাত্রদল করে বলে এলাকার কেউ কিছু বলতে সাহস পায় না। এখন আমরা অসহায় হয়ে পড়েছি।”
এলাকার এক ছাত্রদল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, রিয়াদ প্রায় সময় মেয়েদের উত্যক্ত করত। তার রাজনৈতিক পরিচয়ের কারণে আগে কেউ কিছু বলতে পারত না। এখন তার এই কর্মকাণ্ড সমাজে অস্থিরতা তৈরি করেছে।
চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, “রিয়াদ ছাত্রদলের রাজনীতি করে এবং সে সাধারণ সম্পাদক প্রার্থী। তার কর্মকাণ্ড আমাদের জন্য বিব্রতকর। রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব পড়ছে।”
এদিকে, অভিযুক্ত রিয়াদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”






আপনার মতামত লিখুন