রাজনৈতিক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব: মির্জা ফখরুল
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক সমস্যার সমাধান দেশীয় উদ্যোগেই হতে হবে। এ সমাধান আসবে সব দলের সমন্বিত প্রচেষ্টা ও আলোচনার মাধ্যমে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বাংলাদেশের সিদ্ধান্ত দেশের মানুষই নেবে, বাইরের কারও হস্তক্ষেপের প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, অহেতুক চাপ সৃষ্টি করে রাজপথের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয়। বিএনপি এ পর্যন্ত আলোচনাকেই গুরুত্ব দিচ্ছে। তার ভাষায়, “আমাদের বিশ্বাস, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে।”
পিআর প্রসঙ্গে বিএনপি মহাসচিব স্পষ্ট করে জানান, বিএনপি কোনোভাবেই প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির পক্ষে নয়। তিনি বলেন, “বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই। জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের অধিকার রাখে।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়।
জাতিসংঘ সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় বা ড. ইউনূসের সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। তবে আলোচনায় দেশের গণতান্ত্রিক উত্তরণ ও উন্নয়ন ইস্যু প্রাধান্য পাবে বলে জানান তিনি।






আপনার মতামত লিখুন