ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ডে রক্তাক্ত মরদেহ
ময়মনসিংহ নগরীর বড়বাজার এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে মো. সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত সুমনের মাথা, ঘাড় ও হাত থেঁতলানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওপর থেকে নিচে পড়ে দুর্ঘটনাজনিতভাবে তার মৃত্যু হয়েছে। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা সুমন পেশায় প্রাইভেটকার চালক। তিনি গরুখোয়ার এলাকায় স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনগুলোতে শ্রমিক ও কর্মীদের নিরাপত্তা প্রায়ই উপেক্ষিত থাকে। তারা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলটি একটি ১৩ তলা নির্মাণাধীন ভবন, যেখানে লিফটের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।






আপনার মতামত লিখুন