দোকানে ঢুকে পড়া অ্যাম্বুলেন্সে যুবকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানে অবস্থানরত আরমান আলী (৩০) নামে এক যুবক গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাই সড়কের ফুটানি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানেই বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আরমান আলী গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের বাসিন্দা। তিনি সাত্তার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে সজোরে ধাক্কা মারে। আরমান তখন সেখানে অবস্থান করছিলেন। দুর্ঘটনায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।






আপনার মতামত লিখুন