টিএসসিতে ফের সাঈদীর ছবি, যুক্ত হলো আবু সাঈদ ওয়াসিমের স্ট্যাটাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রশিবিরের প্রদর্শনী ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। এবার প্রদর্শনীতে জুলাই আন্দোলনে নিহত শহিদ আবু সাঈদ ও ছাত্রদল নেতা ওয়াসিমের ফেসবুক স্ট্যাটাস যুক্ত করে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নতুন করে সামনে আনলো শিবির।
বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রদর্শনীতে সাঈদীর মৃত্যুর পর দুই শহিদের দেওয়া স্ট্যাটাসের স্ক্রিনশট বড় করে ঝুলানো হয়।
২০২৩ সালের ১৪ আগস্ট সাঈদীর মৃত্যু হলে আবু সাঈদ লিখেছিলেন:
“আল্লাহ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জান্নাত দান করুক। বিদায় হে রাহবার।”
আর ওয়াসিম তার স্ট্যাটাসে লেখেন:
“একজন ধর্মীয় নেতার মৃত্যুতে অঘোষিত জাতীয় শোক, অথচ অন্য এক ‘ধর্মনিরপেক্ষ’ নেতার মৃত্যুতেও তেমন সাড়া নেই। এটাই পার্থক্য।”

এর আগে ৫ আগস্ট শিবিরের আয়োজনে বিতর্কিত জামায়াত ও বিএনপি নেতাদের ছবি টাঙানো নিয়ে ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রশাসন সেইসব ছবি সরিয়ে নিলেও ৬ আগস্ট প্রদর্শনীতে যোগ করা হয় বেগম খালেদা জিয়ার বিচারবিষয়ক বক্তব্য ও স্কাইপ কেলেঙ্কারির পোস্টার।
সর্বশেষ আজকের প্রদর্শনীতে যুক্ত হলো শহিদ ওয়াসিম ও আবু সাঈদের স্ট্যাটাস—যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, এটি একদিকে সাঈদীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন, অন্যদিকে বিতর্কিত রাজনৈতিক বার্তার বহিঃপ্রকাশ।






আপনার মতামত লিখুন