দুদকের মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহ গ্রেপ্তার
৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিশেষ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে।
দুদকের করা মামলায় অভিযোগ করা হয়েছে, প্রকল্প বাস্তবায়নে সরকারি বিধি উপেক্ষা করে প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের নকশা বাদ দিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে নকশা পরিবর্তন করা হয়। দরপত্র মূল্যায়নে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে অস্বাভাবিক মূল্য প্রস্তাব গ্রহণ করা হয়, যা ফ্রন্ট লোডিংয়ের শামিল।
এছাড়া, ঠিকাদারের নিরাপত্তা জামানতের অর্থ ব্যাংকে এফডিআর আকারে জমা রেখে সেটিকে লিয়েনে দিয়ে ঋণ নেয়ার সুযোগ করে দেয়া হয়। অগ্রিম বিল ছাড়ের ক্ষেত্রেও নিয়ম ভঙ্গ করে ব্যাংক গ্যারান্টি ছাড় করা হয়। এর ফলে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন—সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আব্দুস সালাম বাচ্চু এবং এমএম হাবিবুর রহমান।






আপনার মতামত লিখুন