স্কুল ভবনের ছাদ ধসে ৪ শিশু নিহত
ভারতের রাজস্থানে স্কুল চলাকালীন একটি পুরনো ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় প্রাণ হারিয়েছে চার শিশু। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন। শুক্রবার (২৫ জুলাই) সকালে রাজস্থানের ঝালাওয়াড় জেলার মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকাকালীন আচমকাই ছাদ ধসে পড়ে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে যান। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়।
পিপলোড়ি সরকারি বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করত। বিদ্যালয় ভবনটি ২০ বছরেরও বেশি পুরনো এবং বহুদিন ধরে তা ছিল ঝুঁকিপূর্ণ অবস্থায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবকাঠামোগত দুরবস্থার বিষয়ে অবগত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় গ্রামবাসীদের দাবি, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলেই ছাদ দুর্বল হয়ে ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ এবং শিশুদের চিৎকারে ছুটে এসে তারা দেখেন, পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুণাল জানান, “উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ঘটনাটি গভীর উদ্বেগজনক।” তিনি নিহতের সংখ্যা ছয়জন বললেও, ঝালাওয়াড়ের পুলিশ সুপার (এসপি) অমিত কুমার জানিয়েছেন, এখন পর্যন্ত চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো পর্যালোচনার কথাও বলা হয়েছে।






আপনার মতামত লিখুন