ঢামেকের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, হল ত্যাগে অস্বীকৃতি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা হল ছাড়বেন না এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় আন্দোলনকারীরা ঘোষণা দেন, “কোনো আলোচনা ছাড়াই প্রশাসনের একতরফা সিদ্ধান্তে কলেজ বন্ধ করে আমাদের হল ছাড়ার নির্দেশ অযৌক্তিক। আমরা আমাদের যৌক্তিক দাবিতে অনড় রয়েছি।”
শিক্ষার্থীরা আরও জানান, পরিত্যক্ত ভবনে বসবাসের ঝুঁকি থাকলেও প্রশাসন কোনো বিকল্প ব্যবস্থা না নিয়ে বরং আন্দোলন দমন করতেই এমন পদক্ষেপ নিচ্ছে, যা তারা মানেন না।
এর আগে, সকাল থেকে পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিকেলে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “কলেজের চলমান অচলাবস্থা নিরসনে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। ২২ জুন দুপুর ১২টার মধ্যে ছাত্রছাত্রীদের হোস্টেল ত্যাগ করতে হবে।”
তবে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা হলে অবস্থান চালিয়ে যাবেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি:
১. দ্রুত নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের বাজেট পাস
২. বিকল্প আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান ভবনে থাকার সুযোগ
৩. নতুন একাডেমিক ভবনের বাজেট অনুমোদন
৪. পৃথক বাজেট ও দ্রুত বাস্তবায়ন পরিকল্পনা
৫. সব সিদ্ধান্তে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্তি






আপনার মতামত লিখুন