অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার পথে ঝড়ে আহত ছোটনের
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের সরদারপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. ছোটনের (২২) জীবন এখন ঝুঁকিতে। গত ১৭ মে রাত ৯টার দিকে হঠাৎ ঘনিয়ে আসা কালবৈশাখী ঝড়ে উলিয়া বাজারের তার কম্পিউটারের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় গাছের ভারী ডাল ভেঙে পড়ে তার ওপর।
এতে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহের একটি হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
বর্তমানে মো. ছোটন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুই পা ভেঙে গেছে এবং দীর্ঘ সময় ধরে চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন হবে। তবে দরিদ্র পরিবারটির পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেশীরা জানান, ছোটন একজন পরিশ্রমী ও ভদ্র ছেলে। এলাকায় ছোট একটি কম্পিউটারের দোকান চালিয়ে পরিবারে সহযোগিতা করত। তার এমন অবস্থায় সবাই উদ্বিগ্ন।
ছোটনের বাবা-মা কাঁদতে কাঁদতে জানান, ছোটন ছাড়া আমাদের সংসার চলে না। এখন চিকিৎসা চালাতে পারছি না। কেউ এগিয়ে না এলে আমাদের ছেলেকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।
এলাকাবাসী আশা করছেন, দ্রুত সরকারি বা বেসরকারি সাহায্য ও সহানুভূতি আসবে, যাতে একজন সম্ভাবনাময় তরুণের জীবন থমকে না যায় শুধুমাত্র অর্থের অভাবে।






আপনার মতামত লিখুন