দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৫ জনের মৃত্যু
ফিনল্যান্ডের আকাশে ভয়াবহ দুর্ঘটনায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন। স্থানীয় সময় শনিবার (১৭ মে) দেশটির ইউরা বিমানবন্দরের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ফিনিশ পুলিশ জানায়, সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি মাটিতে বিধ্বস্ত হয় এবং এতে থাকা সব আরোহী নিহত হন। একটি হেলিকপ্টারে দুজন এবং অন্যটিতে তিনজন আরোহী ছিলেন।
ফিনিশ গোয়েন্দা বিভাগের প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা নিশ্চিত করেন, নিহত ব্যক্তিরা সবাই বেসরকারি পর্যায়ের লোক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তারা পেশাগতভাবে ব্যবসায়ী ছিলেন।
ফিনিশ পত্রিকা ইলতালেহতি এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তিনি দেখেছেন একটি হেলিকপ্টার অপরটিকে আঘাত করে। সংঘর্ষের পর একটি হেলিকপ্টার দ্রুত নিচে পড়ে যায় এবং কিছু সময় পর অন্যটিও ধীরে ধীরে ভূপাতিত হয়। তবে আশ্চর্যজনকভাবে তিনি কোনো বিস্ফোরণ বা বড় শব্দ শুনতে পাননি।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।






আপনার মতামত লিখুন