কলেজ কমিটি নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
বিএনপি-জামায়াত দফায় দফায় সংঘর্ষ
পাবনার আটঘরিয়ায় একটি কলেজের ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে, মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল বৃহস্পতিবার। দুপুরে বিএনপি সমর্থিত তিনজন অভিভাবক মনোনয়নপত্র সংগ্রহ করলেও, পরে জামায়াত সমর্থিতদের মনোনয়ন ফরম না দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় প্রথমে কলেজ প্রাঙ্গণে ধস্তাধস্তি ও মারধরের পর বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেবোত্তর বাজারে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে অন্তত অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর করেন।
জবাবে রাত সাড়ে ৭টার দিকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে জামায়াতের কার্যালয়ে হামলা চালালে আবারও উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। রাত সাড়ে ৮টা পর্যন্ত কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হন।
বিএনপির উপজেলা সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বলেন, “জামায়াত ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদের দলীয় কার্যালয় ও বহু মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।”
অন্যদিকে, জামায়াতপন্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহসভাপতি আমিরুল ইসলাম বলেন, “ফরম না দেওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভে বিএনপি হামলা চালায়। এতে ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি সহ অনেকেই আহত হয়েছেন।”
আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান জানান, “জামায়াতের হামলার পর বিএনপির পক্ষ থেকেও পাল্টা হামলা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।”






আপনার মতামত লিখুন