বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক বার্তা!
খালেদা জিয়ার ঈদ উদযাপন : দলের নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ

ছবি :সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা। গতকাল সোমবার রাত ৮টার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উপস্থিত নেতৃবৃন্দ
শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনী এলাকায় থাকায় উপস্থিত হতে পারেননি।
খালেদা জিয়ার বার্তা
সাক্ষাৎ শেষে ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সবার মঙ্গল কামনা করেছেন। তিনি বলেন, ‘দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ও দৈন্যতা নিয়ে নেত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে সবার জন্য ভালো দিন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।’
নেত্রীর স্বাস্থ্য ও বর্তমান অবস্থা
৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগে ভুগছেন। বর্তমানে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান তিনি। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়।
ঈদ উদযাপন
এবারের ঈদুল ফিতরে বেগম খালেদা জিয়া গুলশানের বাসায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন। দলের নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় তার জন্য বিশেষ আনন্দের ছিল।
স্বদেশ/ আজাদ






আপনার মতামত লিখুন