খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৩১ জনকে আসামী করে আলিফের বাবার মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ২:৩৬ অপরাহ্ণ
৩১ জনকে আসামী করে আলিফের বাবার মামলা দায়ের

সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে। 

গতকাল শুক্রবার গভীর রাতে ভুক্তভোগী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। এছাড়া আদালত এলাকায় হামলার ঘটনায় খানে আলম নামে একজন বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন— চন্দন, আমান দাস, শ্রী শুভ কান্তি দাশ, বুজা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাশ, গগন দাশ, বিশাল দাশ, ওমকার দাশ, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাশ, শিব কুমার, বিগলাল, পরাশ, শ্রী গণেশ, ওম দাশ, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, লালা, দুর্লভ দাশ ও রাজীব ভট্টাচার্য্য।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৬ নভেম্বর বেলা ১১টার দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত তাকে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। সঙ্গে সঙ্গে আসামিপক্ষের নিযুক্ত ইসকনপন্থি আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে আদালতকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় বিভিন্ন আজেবাজে মন্তব্য করে এবং আদালতে হট্টগোল সৃষ্টি করে। তখন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা প্রিজন ভ্যানের সামনে অবস্থান করে দায়িত্বরত পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে। তাদের অনেকে প্রিজন ভ্যানের সামনে ও পেছনে শুয়ে পড়ে দীর্ঘ আড়াই-তিন ঘণ্টা আদালত প্রাঙ্গণে জটলা বাধিয়ে রাখে। তখন আসামি জয় ধ্বনি দিয়ে, শঙ্খ বাজিয়ে, জয় শ্রী-রাম, জয় শ্রী-রাম ধ্বনিসহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে।

একপর্যায়ে অতিরিক্ত পুলিশ ফোর্স, আনসার ও বিজিবি এসে উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের ধাওয়া খেয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় আইনজীবী, বিচারপ্রার্থী ও সরকারি গাড়িসহ আনুমানিক ২০-৩০টি গাড়ি ভাঙচুর করে। তারা কোর্ট বিল্ডিং জামে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উদ্দেশে মসজিদে ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করে মসজিদের গ্লাস ভাঙচুর করে এবং মুসল্লিদেরকে আহত করে। তখন সাধারণ আইনজীবী, মুসল্লিগণ ও বিচারপ্রার্থী সাধারণ মানুষরা আদালত প্রাঙ্গণে আসামিদের ধ্বংসাত্মক কার্যকলাপ হতে তাদেরকে নিবৃত করার চেষ্টা করে। তখন আসামিরা তাদের ওপরেও আক্রমণ করে। এতে বেশ কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থী লোকজন আহত হয়।

পরে আসামিরা একত্রিত হয়ে ত্রিশূল, রামদা, কিরিচ, বটি, লোহার রড, হক স্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে আদালত ভবনের প্রবেশমুখে রাস্তার ওপর অবস্থান করে। ঘটনার দিন সাড়ে ৪টার দিকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ বাসায় যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম আদালত ভবন থেকে নামেন। তিনি এসি দত্ত লেনের সামনে রাস্তায় পৌঁছামাত্র তার মুখে দাঁড়ি এবং আইনজীবীর পোশাক দেখে এজাহারে উল্লেখিত আসামিরা অজ্ঞাতনামা ব্যক্তিদের ইন্ধনে ও প্রত্যক্ষ সহযোগিতায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামে জয় ধ্বনি দিয়ে তার ওপরে হামলা করে। আসামিরা ভুক্তভোগীর ঘাড়ে, মাথায়, পিঠে, পায়েসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে সাইফুলের ডান কান থেকে শুরু করে মাথার পেছনে লম্বা ও গভীর কাটা জখম, ডান কানের গোড়া থেকে ঘাড় পর্যন্ত লম্বা ও গভীর কাটা জখম, পিঠের ডান পাশে ঘাড়ের নিচে লম্বা ও গভীর কাটা জখম, পিঠে ডান পাশে মাঝামাঝি লম্বা ও গভীর কাটা জখম, পিঠের ডানপাশের বিভিন্ন স্থানে ২১-২২টি জখম, ডান হাতের পেছনে কনুইয়ের ওপরে লম্বা কাটা জখম, ডান হাতের কনুইতে কাটা জখম, বুক ও পেটের মাঝামাঝি কাটা জখম, ডান হাতের একটি আঙুলের গোড়ায় কাটা জখম, ডান হাতের বৃদ্ধা আঙুলে জখম, বাম পায়ে হাড় ভাঙ্গা, ডান পায়ে ছিদ্রযুক্ত জখম এবং ডান কাঁধে জখমপ্রাপ্ত হয়। আসামিরা ভুক্তভোগীকে কুপিয়ে এবং ইট দিয়ে মাথা থেতলে দিয়া মারাত্মক রক্তাক্ত জখম করে। এসময় আসামিরা সাইফুলের মৃত্যু নিশ্চিত করে উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশপাশের প্রত্যক্ষদর্শী সাক্ষীরা ঘটনাস্থল থেকে মুর্মুষু অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, মঙ্গলবার (২৬ নভেম্বর) আদালত এলাকার ঘটনায় শুক্রবার রাতে দুটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলাটি আমরা একেবারে যাচাই-বাছাই করে আসামি করেছি। এর আগে একই ঘটনায় আরও ৩টি মামলা হয়েছিল।

সোমবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন (মঙ্গলবার) কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এটি নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। দুপুর পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ-দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। তখন বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

একপর্যায়ে বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামে এক আইনজীবী। তিনি চট্টগ্রাম আদালতের আইনজীবী ছিলেন।

বুধবার চট্টগ্রাম শহরে দুই দফা এবং লোহাগাড়া উপজেলায় দুই দফা জানাজা শেষে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে আইনজীবী সাইফুলকে দাফন করা হয়। অ্যাডভোকেট সাইফুল ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর

ছবি-সংগৃহীত

শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, অবহেলা ও শোষণ বন্ধে সমন্বিত, জাতীয়ভাবে স্বীকৃত ও টেকসই অর্থায়ননির্ভর শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সরকার। 

এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা এবং সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা শাখাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্টারিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’ সম্মেলনের এক স্যাটেলাইট ইভেন্টে এসব কথা বলেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

‘স্ট্রেংদেনিং চাইল্ড প্রোটেকশন সিস্টেমস অ্যান্ড ফাইন্যান্সিং ফর সাসটেইনেবল ইমপ্যাক্ট’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপনকালে মন্ত্রী বলেন, শিশুদের প্রতি সহিংসতা কেবল শিশু অধিকারের লঙ্ঘন নয়, এটি মানবসম্পদ, সামাজিক ঐক্য এবং টেকসই উন্নয়নেরও অন্তরায়। শিশুদের সহিংসতা, নির্যাতন, অবহেলা, শোষণ ও ক্ষতিকর প্রথা থেকে সুরক্ষা দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম জাতীয় উন্নয়ন অগ্রাধিকার।

মন্ত্রী বলেন, বিচ্ছিন্ন প্রকল্পের মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ জন্য আইন, প্রতিষ্ঠান, দক্ষ জনবল, পরিবার, সমাজ ও সরকারি অর্থায়নের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। একটি শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ তিনটি কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ করছে।

এর মধ্যে প্রথমটি হচ্ছে নেতৃত্ব ও জবাবদিহিতা জোরদার করা। এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা এবং সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা শাখাকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডগুলো সক্রিয় করে সমন্বয় ও জবাবদিহিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে সহিংসতা প্রতিরোধ ও সমন্বিত সেবায় বিনিয়োগ বাড়ানো। শিশুরা যেখানে বেড়ে ওঠে, শেখে ও বসবাস করে, সেখান থেকেই সহিংসতা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য ইতিবাচক অভিভাবকত্ব বা পজিটিভ প্যারেন্টিংয়ের প্রসার, কমিউনিটিভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার, নিরাপদ বিদ্যালয় নিশ্চিত করা, স্বাস্থ্যসেবায় শিশু সুরক্ষা অন্তর্ভুক্ত করা এবং শিশুবান্ধব বিচারব্যবস্থা শক্তিশালী করার কথা জানান মন্ত্রী।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে টেকসই ফলাফল নিশ্চিত করতে সমাজসেবা কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কেস ম্যানেজমেন্ট ও রেফারেল ব্যবস্থার উন্নয়ন, তথ্য-উপাত্ত সংগ্রহ ও ব্যবহারে বিনিয়োগ এবং সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে অভ্যন্তরীণ অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিশুদের মানসিক বিকাশের বিষয়টিও সরকারের অগ্রাধিকারে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে নতুন কুঁড়ি ও নতুন কুঁড়ি (স্পোর্টস)সহ খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি নেতৃত্বের পাশাপাশি কমিউনিটি, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাত একযোগে কাজ করলে শিশুদের সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রতিটি শিশু যেন নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ বদ্ধপরিকর।

বিশ্বের ১০০টির বেশি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ম্যানিলায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

শীর্ষ সংবাদ:
সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ