খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দিবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ
আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দিবেন ড. ইউনূস
আগামী ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আজারবাইজানের বাকুতে বসছে কপ-২৯ জলবায়ু সম্মেলন। সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামী ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন। জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে আজারবাইজানের বাকুতে বসছে কপ-২৯ জলবায়ু সম্মেলন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার গঠনের পর ড. ইউনূস প্রথম বিদেশ সফর করেন যুক্তরাষ্ট্রে। গত সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেন। নিউইয়র্কের পর দ্বিতীয় বিদেশ সফরে কপ-২৯ সম্মেলনে যোগ দিতে আজারবাইজান যাবেন প্রধান উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কপ-২৯ সম্মেলনে অংশগ্রহণকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরবে। তবে কোন বিষয়গুলো এজেন্ডায় রাখা হবে, তা এখনই প্রকাশ করতে চান না তারা।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আবার বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ অবশ্যই নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কথা বলবে। যেহেতু প্রধান উপদেষ্টা যাবেন, সেক্ষেত্রে সম্মেলনে বাংলাদেশের গুরুত্ব থাকবে, তেমনি বাংলাদেশের এজেন্ডায় ভালো উপাদান থাকবে।

ধারণা করা হ‌চ্ছে, বাকু‌তে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, সে‌টি তুলে ধরা হবে সম্মেলনে। এক্ষেত্রে সাম্প্রতিক সময়ে দেশের পূর্বাঞ্চলসহ  বিভিন্ন জেলায় বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা তুলে ধরবে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তহবিল ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’, প্যারিস চুক্তির তহবিল এবং জলবায়ু উদ্বাস্তুদের কথা তুলে ধরার সম্ভাবনা রয়েছে। এছাড়া উন্নত দেশগুলো থেকে সবুজ প্রযুক্তিতে সহায়তা চাইতে পারে বাংলাদেশ।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, প্রধান উপদেষ্টা জলবায়ু স‌ম্মেল‌নে যোগ দেওয়ার পাশাপা‌শি বাকু‌তে বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্র ও সরকারপ্রধান‌দের স‌ঙ্গে বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করবেন।

২০২৩ সালে কপ-২৮ সম্মেলন অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। ২০২২ সালে কপ-২৭ মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত হয়। ওই দুই সম্মেলনে বাংলাদেশের সাবেক সরকারপ্রধান অংশগ্রহণ করেননি। তবে ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে কপ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

প্রসঙ্গত, কনফারেন্স অব দ্য পার্টিজ-এর সংক্ষিপ্ত রূপ কপ। এটি বিশ্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘের একটি উদ্যোগ। ১৯৯৫ সালে কপের প্রথম সম্মেলন হয়। ১৯৯৯ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিতে কপের জলবায়ু সম্মেলনে ‘জলবায়ু পরিবর্তন’ ইস্যুটি প্রথমবারের মতো সামনে আসে।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ