উপকূলজুড়ে রিমালের ক্ষত চিহ্ন
দেশের উপকূলজুড়ে ভেসে উঠতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমালের রেখে যাওয়া ক্ষত চিহ্ন। বিধ্বস্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকুল। ঝড়ের একদিন পর এসব এলাকার ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। একশ কিলোমিটারের বেশি বাতাসের বেগ নিয়ে ধেয়ে আসা ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাস আর ৫ থেকে ৭ ফুট উঁচু বানের তোড়ে ধ্বসে পড়েছে অনেকের ঘর, নিচু এলাকার বাড়ি পানির নিছে। ভেসে গেছে মাছের ঘের। বিদ্যুৎহীন অবস্থায় কয়েক লক্ষ মানুষ।
ঘূর্ণিঝড়ের পুরো তাণ্ডব চলেছে সুন্দরবনে। এতে গাছপালা, বন্যপ্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। খুলনা সার্কেলের বন সংরক্ষক জানিয়েছেন, জলোচ্ছ্বাসে বনের ভেতর ১০ থেকে ১২ ফুট পানিতে তলিয়ে গেছে। মারা গেছে দুটি হরিণ। বনের ভেতরে আরও বন্যপ্রাণীর প্রাণহানীর আশংকা করা হচ্ছে।
বাগেরহাটে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত ৩৫ হাজারেরও বেশি। জেলা প্রশাসন জানিয়েছে, বেড়িবাধ ভেঙ্গে পানি প্রবেশ করায় ৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে।
সাতক্ষীরার শ্যামনগর উপকূলে বেশিরভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ঝড়ের তাণ্ডবে। দুইশো হেক্টর মাছের ঘের ক্ষতিগ্রস্ত।
ঝালকাঠিতে ঝড়ের রাত থেকে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা। তবে সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। জেলার প্রায় অধিকাংশ মাছের ঘের তলিয়ে গেছে।
ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত বরিশালও। জেলায় আড়াই হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের একদিন পর এখনও শহর ও গ্রাম মিলিয়ে পানিবন্দি অনেক মানুষ।
পটুয়াখালী জেলায় তিন লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, গাছপালা, মাঝের ঘেরসহ কৃষি ফষলের ব্যাপক ক্ষতি হয়েছে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে দুই হাজারের বেশি গবাদিপশু ভেসে গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও পুরোপুরি নষ্ট হয়ে গেছে আট হাজার হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত ৩৩ হাজার পরিবার। পানিবন্দি লক্ষাধিক মানুষ।
খুলনায় আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখনো বিদ্যুৎ নেই জেলার বেশিরভাগ স্থানে। খুলনার কয়রা ও দাকোপে আটটি বাঁধ ভেঙে গেছে। ভেসে গেছে কয়েক কোটি টাকার ঘেরের মাছ।






আপনার মতামত লিখুন