খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঈদ জামাত কোথায়, কখন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ১১:৫৮ অপরাহ্ণ
ঈদ জামাত কোথায়, কখন
রাত পোহালেই ঈদ। আজ বৃহস্পতিবার বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।
এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত হবে পর্যায়ক্রমে।

জাতীয় ঈদগাহ ময়দান

ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার নারী-পুরুষ একসঙ্গে ঈদুল ফিতরের সালাত আদায় করবেন।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ জন্য ইতোমধ্যে জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।ঈদ জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭, ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রথম জামাত হবে সকাল ৭টায় ইমাম থাকবেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেম এ জামাতে ইমাম থাকবেন।

মুকাব্বির থাকবেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। সকাল ৯টায় তৃতীয় জামাতে আজিমপুর কবরস্থান মেয়র হানিফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইমরান বিন নূর উদ্দীন তৃতীয় জামাতে ইমাম থাকবেন। এ জামাতে মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমাম ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী এবং মুকাব্বির থাকবেন খাদেম মো. জসিম উদ্দিন।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে ইমাম থাকবেন মিরপুরের জামেয়া আরাবিয়া আশরাফিয়া ও এতিমখানার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহীদুজ্জামান এ জামাতে ইমামতি করবেন।

তার সঙ্গে মুকাব্বির হবেন মসজিদের খাদের মো. রুহুল আমিন। এ পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাজধানীর অন্যান্য ঈদ জামাত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ঈদের দিন সকাল সাড়ে ৭টায় জমঈয়তে আহলে হাদিসের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঢাবির কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় সকাল ৮টা ও সকাল ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লন মসজিদ এবং ঢাবির আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত হবে।

সকাল সোয়া ৭টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পবিত্র ঈদুল ফিতরের জামাত। পরিস্থিতি অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে নামাজ বিশ্ববিদ্যালয়ের ৩টি মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে প্রথম জামাত বুয়েট কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত বকসি বাজার বায়তুস সালাম মসজিদে সকাল ৮ টায় এবং আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে, দারুস সালাম মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সকাল ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে, পুরান ঢাকার লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদে সকাল ৭টায়, লক্ষ্মীবাজার নূরানি জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিট ও সকাল সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে, খিলগাঁও চৌধুরীপাড়া পল্লীমা সংসদ প্রাঙ্গণে সকাল ৭টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

সায়েদাবাদ চিশতিয়া দরবার শরফয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সিলেটের কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে হারুন মোল্লাহ ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। কামরাঙ্গীরচর হাফেজ্জী হুজুর মসজিদ মাদরাসায় পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর

ছবি-সংগৃহীত

শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, অবহেলা ও শোষণ বন্ধে সমন্বিত, জাতীয়ভাবে স্বীকৃত ও টেকসই অর্থায়ননির্ভর শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সরকার। 

এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা এবং সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা শাখাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্টারিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’ সম্মেলনের এক স্যাটেলাইট ইভেন্টে এসব কথা বলেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

‘স্ট্রেংদেনিং চাইল্ড প্রোটেকশন সিস্টেমস অ্যান্ড ফাইন্যান্সিং ফর সাসটেইনেবল ইমপ্যাক্ট’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপনকালে মন্ত্রী বলেন, শিশুদের প্রতি সহিংসতা কেবল শিশু অধিকারের লঙ্ঘন নয়, এটি মানবসম্পদ, সামাজিক ঐক্য এবং টেকসই উন্নয়নেরও অন্তরায়। শিশুদের সহিংসতা, নির্যাতন, অবহেলা, শোষণ ও ক্ষতিকর প্রথা থেকে সুরক্ষা দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম জাতীয় উন্নয়ন অগ্রাধিকার।

মন্ত্রী বলেন, বিচ্ছিন্ন প্রকল্পের মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ জন্য আইন, প্রতিষ্ঠান, দক্ষ জনবল, পরিবার, সমাজ ও সরকারি অর্থায়নের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। একটি শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ তিনটি কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ করছে।

এর মধ্যে প্রথমটি হচ্ছে নেতৃত্ব ও জবাবদিহিতা জোরদার করা। এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা এবং সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা শাখাকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডগুলো সক্রিয় করে সমন্বয় ও জবাবদিহিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে সহিংসতা প্রতিরোধ ও সমন্বিত সেবায় বিনিয়োগ বাড়ানো। শিশুরা যেখানে বেড়ে ওঠে, শেখে ও বসবাস করে, সেখান থেকেই সহিংসতা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য ইতিবাচক অভিভাবকত্ব বা পজিটিভ প্যারেন্টিংয়ের প্রসার, কমিউনিটিভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার, নিরাপদ বিদ্যালয় নিশ্চিত করা, স্বাস্থ্যসেবায় শিশু সুরক্ষা অন্তর্ভুক্ত করা এবং শিশুবান্ধব বিচারব্যবস্থা শক্তিশালী করার কথা জানান মন্ত্রী।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে টেকসই ফলাফল নিশ্চিত করতে সমাজসেবা কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কেস ম্যানেজমেন্ট ও রেফারেল ব্যবস্থার উন্নয়ন, তথ্য-উপাত্ত সংগ্রহ ও ব্যবহারে বিনিয়োগ এবং সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে অভ্যন্তরীণ অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিশুদের মানসিক বিকাশের বিষয়টিও সরকারের অগ্রাধিকারে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে নতুন কুঁড়ি ও নতুন কুঁড়ি (স্পোর্টস)সহ খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি নেতৃত্বের পাশাপাশি কমিউনিটি, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাত একযোগে কাজ করলে শিশুদের সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রতিটি শিশু যেন নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ বদ্ধপরিকর।

বিশ্বের ১০০টির বেশি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ম্যানিলায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

শীর্ষ সংবাদ:
সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ