তিস্তা সেচ ক্যানেলের পাড় ভেঙে প্লাবিত হয়ে ৩’শ একর জমির ফসল নষ্ট
তিস্তা সেচ ক্যানেলের পাড় ভেঙে প্লাবিত হয়ে প্রায় ৩’শ একর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকেরা জানান, রংপুর পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে প্রতি বছর শীত মৌসুমে তাদের কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়। পানি উন্নয়ন বোর্ডেও কর্মকর্তারা জানান, সাইফুন লিংকেজ হওয়ায় এই ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের জানপুর এলাকায় তিস্তা সেচ ক্যানেলের পশ্চিম অংশের প্রায় ৪০ ফুট অংশ ভেঙে যায়। এতে ক্যানেলের পানি আশপাশের জমিতে প্রবেশ করলে তলিয়ে যায় আলু, তামাক, আমন ও ভুট্টার জমি।
পানির স্রোতে খারুভাঁজ নদীর সাথে যুক্ত হওয়া খালের উপর নির্মিত ব্রিজেও ফাটল ধরেছে। উপড়ে গেছে বাঁশ ঝাড়, ভেঙে গেছে গাছ পালা । বালু জমে চাষের অনুপোযোগী হয়ে পড়েছে শতাধিক একর জমি।
কৃষকদের দাবি, প্রতিবছরই লেগে আছে এ ধরনের ঘটনা। এবারের ভাঙনে ক্যানেলের ওই এলাকার অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। পানি উন্নয়ন বোর্ডের রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিবছরই পাড় ভেঙে তারা ব্যাপক ক্ষতিগ্রস্থ হলেও তাদের দেয়া হয়না কোনো ক্ষতিপূরণ। তারা জানান, এবার ক্ষতিপূরণ না পেলে পাউবোকে ভাঙা অংশ মেরামত করতে দেবেন না তারা।
রংপুর পানি উন্নয় বোডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ভাঙ্গন এলাকায় পাকা করে দেওয়া হবে। আপাতত বস্তা ফেলে রক্ষা করা হবে ক্যানেলের পাড়। স্থায়ী সমাধানের জন্য নেয়া হবে প্রকল্প। তিস্তা সেচ প্রকল্প রংপুর, দিনাজপুর ও নীলফামারী অংশে ৭শত ১২ কিলোমিটার ক্যানেল আছে। এর মধ্যে ৩৩০ কিলোমিটার ব্যবহার উপযোগী বলে জানান এই কর্মকর্তা।






আপনার মতামত লিখুন