হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ এলাকা’ হিসেবে ঘোষণা
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীকে সরকার আনুষ্ঠানিকভাবে ‘মৎস্য হেরিটেজ এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। নদীর স্বাভাবিক পরিবেশ, রুইজাতীয় মাছের প্রজনন কেন্দ্র সংরক্ষণ এবং বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিনের আবাস রক্ষার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, খাগড়াছড়ির রামগড় ও মানিকছড়ি থেকে শুরু করে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী এবং পাঁচলাইশ থানা পর্যন্ত হালদার দুই তীরজুড়ে মোট ২৩,৪২২ একর এলাকা ‘হালদা নদী মৎস্য হেরিটেজ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে নদী তীরসংলগ্ন ৯৩ হাজারের বেশি দাগভুক্ত জমিও এই সুরক্ষা বলয়ের আওতায় এসেছে।
এপ্রিল থেকে জুন মাসে হালদার বিভিন্ন স্থানে রুই জাতের মাছ স্বাভাবিকভাবে ডিম ছাড়ে—দেশে এই বৈশিষ্ট্য শুধু হালদা নদীতেই পাওয়া যায়। তাই নদীটির পরিবেশ রক্ষায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নতুন বিধিনিষেধ যেগুলো প্রযোজ্য হবে
অনুমতি ছাড়া দেশি-বিদেশি কেউ গবেষণা পরিচালনা করতে পারবে না।
নাজিরহাট ব্রিজ থেকে কর্ণফুলী মোহনা পর্যন্ত ভারী ইঞ্জিনচালিত নৌযান, বালুবাহী জাহাজ বা ড্রেজারের চলাচল বন্ধ থাকবে।
হালদা ও এর শাখানদী থেকে বালু উত্তোলন ও বালুমহাল ইজারা সম্পূর্ণ নিষিদ্ধ।
নদীর অববাহিকায় তামাক চাষ নিষিদ্ধ থাকবে।
কৃষিজমিতে ক্ষতিকর কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করা যাবে না।
নদীর সংলগ্ন এলাকায় নতুন ইটভাটা স্থাপন করা যাবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রয়োজনে এসব বিধিনিষেধ সময়োপযোগীভাবে সংশোধন বা পরিবর্ধন করতে পারবে মন্ত্রণালয়।






আপনার মতামত লিখুন