খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

সিন্ডিকেটের জন্য কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল

সংসদে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
সিন্ডিকেটের জন্য কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল

সংগৃহীত ছবি

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সমস্যা অতীতে প্রকট আকার ধারণ করেছিল। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল অথবা স্থগিত করেছিল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল।

তিনি বলেন, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েকদিন আগে আমাদের প্রবাসী শ্রমবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু তাই নয়, যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবো। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত হয়েছেন, এমন পরিবারের প্রায় এক হাজার মানুষকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী নেবে।

তারেক রহমান বলেন, একই সঙ্গে সরকার চেষ্টা করছে, যারা এসব সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রণোদনা দিতে পারে কি না, এমন প্রশ্নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা আমার কাছে বোধগম্য হয়নি। সংসদ সদস্য বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের চেষ্টা করা যেতে পারে।

এর আগে সম্পূরক প্রশ্নে ওই সংসদ সদস্য বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতসংখ্যক কর্মী নেওয়া হবে, কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।

তিনি বলেন, সরকার যদি বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দেয় এবং প্রয়োজনে প্রণোদনা দেয়, তাহলে গ্রামের সাধারণ মানুষ জমি বিক্রি করে বা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে বাধ্য হবে না। এমনকি একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে। এ ক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না, প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

 

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

মালেক স্পিনিং মিলস লিমিটেড

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ২৪ কোটি ৬০ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা স্পেকট্রা প্রাইম কেমিক্যালসের লেনদেন হয়েছে ২৩ কোটি ২৬ লাখ র টাকার।

এছাড়া, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডোরিন পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, সিটি ব্যাংক ও বারাকা পতেঙ্গা পাওয়ার লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
সিন্ডিকেটের জন্য কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায় নজিরবিহীন বৈঠকের জন্য চীনের শেনজেনে পৌঁছালেন ট্রাম্প পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার প্রস্তাব সিপিডির মিরপুর ১১ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা, শীর্ষে লাহোর পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা পিরোজপুরে ২ বাসে আগুন, হেলপারের মৃত্যু ফরিদপুরে আ.লীগের ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, যাত্রী-ক্রুসহ সবাই নিহত পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক