৫০ লক্ষ টাকা ঘুষ দিলেন পুলিশ সুপার, অতঃপর…
বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার ও নরসিংদীর সাবেক পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাকে ‘তিরস্কার’ দণ্ড প্রদান করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা–১ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়, যেখানে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
গঠিত বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে নরসিংদীতে পুলিশ সুপার হিসেবে বদলি পাওয়ার উদ্দেশ্যে তিনি কথিতভাবে রবিউল মুন্সী নামের একজনকে ৫০ লাখ টাকা ঘুষ প্রদান করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে সেই পদায়ন বাস্তবায়িত হয়নি।
পরবর্তীতে নরসিংদীতে যোগদানের কিছুদিন পর তিনি এবং ডিবি ইন্সপেক্টর এস এম কামরুজ্জামান অনুমতি ছাড়া ঢাকায় গিয়ে মনিপুরীপাড়ার একটি অফিস থেকে ৫ লাখ টাকা আদায় করেন। বাকি ৪৫ লাখ টাকা ফেরতের জন্য সেখানে একটি স্বহস্তে লেখা দলিলও নেয়া হয়।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়—সাংবাদিক নেছারুল হক খোকনের সঙ্গে এক ফোনালাপে বদলি ও ব্যক্তিগত কাজে পুলিশ সদস্য ব্যবহারের বিষয়টি তিনি স্বীকার করেন। কথোপকথনটি পরে গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।
কারণ দর্শানোর নোটিশের জবাব এবং ১৯ নভেম্বর অনুষ্ঠিত ব্যক্তিগত শুনানিতে উভয়পক্ষের বক্তব্য পর্যালোচনা শেষে অভিযোগগুলো প্রমাণিত হয়। এরপর তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাকে ‘তিরস্কার’ শাস্তির আওতায় আনা হয়েছে।






আপনার মতামত লিখুন