মা ইলিশ রক্ষায় ২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শুরু হয়েছে টানা ২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
প্রতিবছর আশ্বিন মাসের ভরা পূর্ণিমার সময় ইলিশ নদীতে ডিম ছাড়ে। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ পদ্মা-মেঘনায় উঠে আসে। সেই সময়কে কেন্দ্র করেই সরকার প্রতিবছর এই বিশেষ অভিযান পরিচালনা করে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা পুরোপুরি নিষিদ্ধ থাকবে। এ এলাকায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৫ হাজার ৬১৫ জন।
শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, জেলেরা মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে নৌকা ও ট্রলার তীরে ভেড়াচ্ছেন। কেউ ইঞ্জিন খুলে নিচ্ছেন, কেউবা জাল বাড়িতে নিয়ে যাচ্ছেন।
চাঁদপুর সদরের হরিনা ঘাটের জেলে সবুজ মিয়া বলেন, “নিষেধাজ্ঞা মেনে আমরা নদী থেকে জাল তুলেছি। তবে দক্ষিণাঞ্চলের কিছু অসাধু জেলে এ সময় চাঁদপুরে এসে মাছ ধরে। তাই সফল অভিযান চাইলে সবার মাছ ধরা বন্ধ করতে হবে।”
আরেক জেলে মনির হোসেন বলেন, “২২ দিনের এই সময়ে আমরা অর্থকষ্টে পড়ি। কিস্তি, সংসার ও দেনার টাকায় জীবনযাপন কষ্টকর হয়। সরকার যদি আর্থিক সহায়তা আরও বাড়ায় তাহলে টিকে থাকা সহজ হবে।”
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, “মা ইলিশ সংরক্ষণের জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। অবৈধভাবে মাছ ধরলে ১-২ বছরের জেল কিংবা ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এ সময়ে সরকার জেলেদের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ২৫ কেজি চাল দেবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে যাতে নিষেধাজ্ঞার সময়ে কিস্তি আদায় বন্ধ রাখা হয়।”






আপনার মতামত লিখুন