থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে বাংলাদেশের স্বাগত
চার দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় বাংলাদেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। দুই দেশের মধ্যে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে গঠিত আলোচনার মাধ্যমে যে ফলপ্রসূ সমঝোতা এসেছে, তার জন্য আসিয়ান চেয়ার মালয়েশিয়ার ভূমিকাকেও প্রশংসা করা হয়েছে।
বাংলাদেশ আরও বলেছে, যুদ্ধবিরতিতে পৌঁছাতে যেসব বন্ধু রাষ্ট্র ভূমিকা রেখেছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়া সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা অব্যাহত রাখবে। সেইসঙ্গে সীমান্ত অঞ্চলে বসবাসকারী জনগণের জীবন ও জীবিকার জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হবে বলেও আশা করে বাংলাদেশ।
উল্লেখ্য, শত বছরের পুরনো সীমান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার শুরু হয় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত। এ সংঘাতে উভয় দেশের অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন।






আপনার মতামত লিখুন