চট্টগ্রামে সিএনজি অটেরিকশা চোরচক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ৪টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জামশেদ উদ্দিন (৩২) ও মো. জমশেদ (২৮)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে একটি চোরাই অটোরিকশাসহ তাদের গ্রেপ্তারের পর শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে কাপ্তাই রোডের গোলাপের দোকান এলাকা আরও তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করে পুলিশ।
চান্দগাঁও থানার এসআই আব্দুল মোনাফ জানান, সৌরাত মাহামুদ আবিদ নামের একজনের মালিকানাধীন একটি সিএনজি অটোরিকশা বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই রাস্তার মাথা সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজের সামনে থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় বিকেলে তিনি থানায় মামলা করেন। মামলা রুজুর পর সিএনজি উদ্ধারে মাঠে নামে পুলিশ।
আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাদের হেফাজতে আরও চোরাই সিএনজি অটোরিকশা আছে। তাদের তথ্যের ভিত্তিতে কাপ্তাই রোডের গোলাপের দোকান এলাকা হতে আজ শুক্রবার ভোরে অভিযান পরিচালনা করে আরও ৩টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করে পুলিশ।