এক নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনের । একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ৫ মার্চ বিকেলে আব্দুল্লাহ আল মামুন তার বাড়িতে গিয়ে একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। মেয়েটি বিয়ের কথা বললে মামুন একদিন মৌলভি ডেকে বিয়ে করেন। তবে এ বিয়ের কোনো কাবিননামা বা লিখিত দলিল নেই।
বিয়ের কাবিন করতে বললে মামুন তালবাহানা শুরু করেন এবং তাকে খারাপ মেয়ে বলে গালিগালাজ করতে থাকেন। পরে বাধ্য হয়ে মেয়েটি গত বছরের ২১ মে কিশোরগঞ্জ আদালতে ধর্ষণ মামলা করেন। আদালত থেকে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। এ মামলায় দীর্ঘদিন তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রোববার (২১ জানুয়ারি) মামুন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন। আদালতের বিচারক মো. রেজাউল করিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিশোরগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।