মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করার অপরাধে বাংলাদেশিসহ ৫৬০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সেলাঙ্গরে বান্দার তাসিক কেসুয়াম বৈদুরি অ্যাপার্টমেন্টে দেশটির অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানে অংশগ্রহণ করেন ৪৫৫ জন ইমিগ্রেশন অফিসার, ৬০ জন জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ), ১২ জন জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা এবং সিভিল ডিফেন্স ফোর্সের পাঁচজন কর্মী ।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, আটককৃতরা বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিওন ও ক্যামেরুনের নাগরিক।
অভিযানের সময় ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) জাফরি এমবোক তাহা, ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (নিয়ন্ত্রণ) দাতুক কেন আনাক লেবেন, ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক মোহাম্মদ জাসমি মোহাম্মদ জুওয়াহির, সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামর উদ্দিন এবং ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ উপস্থিত ছিলেন।