প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

থ্রি আই এএমসিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডে আবেদন শুরু আগামীকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৪

থ্রি আই এএমসিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের সাবক্রিপশন শুরু হচ্ছে আগামীকাল। ২৫ কোটি টাকার এই ফান্ড বে-মেয়াদী (আজীবন মেয়াদ) বা ওপেনএন্ড ফান্ড হিসেবে পরিচালিত হবে। ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা। থ্রি আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ শিমুল আজ (২১ জানুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেন। 

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলনায়তনে আয়েজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সিএমজেএফ সভাপতি গোলাম সামদানি, সাধারণ সম্পাদক মো: আবু আলী এসময় উপস্থিত ছিলেন।

ইশতিয়াক আহমেদ শিমুল বলেন, সাম্প্রতিক সময়ে মিউচ্যুয়াল ফান্ড আশানুরূপ সাফল্য না পেলেও থ্রি আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মুনাফায় দারুণ সাফল্য ধরে রেখেছে। সেই আলোকে কোম্পানির প্রথম মিউচ্যুয়াল ফান্ডে সাফল্য পাবেন বলে তিনি আশাবাদি। তিনি বলেন, গত তিন বছরে থ্রি আই গড়ে ৩৫.৭১ শতাংশ মুনাফা করেছে। যেখানে অন্যান্য ফান্ডগুলো গড়ে দুই থেকে আড়াই শতাংশ মুনাফা করেছে। কোম্পানির গবেষণা সেলের কার্যকর গবেষণা এবং ম্যানেজমেন্টের দূরদর্শী সিদ্ধান্ত সিদ্ধান্তের কারণে এই সাফল্য এসেছে বলে তিনি মনে করেন।

থ্রি আই এএমসিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডে ব্যক্তি পর্যায়ে একজন ব্যক্তি সর্বনিম্ন ৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন। কোম্পানির ক্ষেত্রে তা ৫০ হাজার টাকা। আয়কর বিধিমালা অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীগণ আয়কর রেয়াত পেয়ে থাকেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) নীতিমালা অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশের ৭০ শতাংশ বিনিয়োগকারীদের মধ্যে বন্টন করতে হয়। যা ঘোষণার ৪৫ দিনের মধ্যে বিনিয়োগকারীদের হিসাবে প্রদান করার বিধান রয়েছে।

উল্লেখ্য, এই ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কাস্টডিয়ানের দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। অডিটর দায়িত্বে রয়েছে ফেমস অ্যান্ড আর এবং ব্যাংকারের দায়িত্বে সিটি ব্যাংক লিমিটেড।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা