যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে ৭শ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারী আটক করেছে র্যাব।
গতকাল সোমবার (১৫ জানুয়ারি ) বেলা সোয়া ৩ টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে র্যাব।
আটককৃতরা হলো বেনাপোল পুটখালি উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে নয়ন হোসেন (২৫) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (২১)। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে যশোরের বেনাপোলের পুটখালী উত্তর পাড়ার আহসানুর রহমানের আমবাগানের উত্তর পাশে ইছামতি নদীর দক্ষিণ পাড়ে কয়েকজন মাদক বিক্রেতা মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেলা সোয়া ৩ টার দিকে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নয়ন ও বিল্লালকে সেখান থেকে আটক করে । পরে তাদের দেখানো মতে উক্ত আম বাগানের দক্ষিণ পার হতে চারটি বস্তায় বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ভারতীয় ৭০০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করে র্যাব । আটক মাদক ব্যবসায়ী নয়ন ও বিল্লালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা পরষ্পর সহযোগীতায় বিভিন্ন অবৈধ পন্থায় সল্পমূল্যে মাদকদ্রব্য ফেনসিডিল ভারত থেকে ক্রয় করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ/বিক্রয় করে থাকে। আটক মোঃ নয়ন হোসেন এর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইনে ০১ টি মামলা চলমান রয়েছে এবং আটক মোঃ বিল্লাল হোসেন এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ০১ টি মামলা চলমান রয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল সহ মাদক আইনে একটি মামলা দায়ের করে আটক আসামিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।