প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নয়া মন্ত্রীপরিষদের শ্রদ্ধা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৪

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর দিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা। আজ (শুক্রবার) সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ফুল দেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

নবনিযুক্ত প্রতিমন্ত্রীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যরা।

গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবারের ও সবমিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবারের মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা