ইসির কাজ ভোট আয়োজন করা। কেউ ভোট দিতে আসবেন, নাকি আসবেন না সেটা দেখা ইসির কাজ নয় মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোটারের উপস্থিতি কম নাকি বেশি সেগুলোর আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোট দিয়ে গেলাম।
তিনি বলেন, আর নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটলে সেটা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দেখবেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আজকে ভোট শুরু হয়েছে, ভালো লাগছে। পাঁচ বছর পর পর জাতীয় সংসদের এই ভোটটি হয় সবার সমন্বিত প্রচেষ্টায়, সহযোগিতায়। আপনারা (সাংবাদিক) আমাদেরকে সহযোগিতা করে থাকেন।
তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়।