প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শীতের সকালে ‘কুয়াশা-নাশকতায়’ সঠিক সময়ে ব্যালট পাঠানো নিয়ে সংশয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৪

শুরু থেকেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ ছিল, ২০১৮ সালের নির্বাচনে রাতে ভোট হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিয়ে ব্যালটপেপার দিনে বা সকালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে দুর্গম এলাকায় নিরাপত্তা বিবেচনা করে আগে ব্যালটপেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে বেশিরভাগ কেন্দ্রে ব্যালট সকালে পাঠানোর সিদ্ধান্ত রয়েছে। কিন্তু বর্তমানে সকালের ঘন কুয়াশা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে কমিশনরে সামনে। সেই সাথে নানান নাশকতায় কেন্দ্রে ব্যালট পাঠানো নিয়ে সংশয় দেখা দিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বড় পরীক্ষার মুখোমুখি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, পৌরসভা ও একাদশ সংসদের রেকর্ডসংখ্যক উপনির্বাচনসহ হাজারের বেশি নির্বাচন সম্পন্ন করেছে এ কমিশন।

দায়িত্ব নেওয়ার পর সব নির্বাচনেই নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে ইসি। ভোটে অন্যায়, অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়াসহ ভোট বাতিল করার নজির স্থাপন করেছে বর্তমান কমিশন। তবে, সবকিছু ছাপিয়ে সংসদ নির্বাচন ঘিরে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে আউয়াল কমিশনকে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শীতের সকালে সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কেউ কেউ।

সংশ্লিষ্টরা বলছেন, এবার নির্বাচনের মাঠে প্রধান বিরোধী দল বিএনপিসহ নিবন্ধিত বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না। ফলে কেন্দ্রে ভোটার আনার চ্যালেঞ্জের মুখোমুখি ইসি। সেই সঙ্গে রয়েছে রাজনৈতিক সংকটও। যা জটিল করতে পারে ভোটের সার্বিক পরিস্থিতি। নির্বাচনে অংশ না নেওয়া রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রতিবাদী কর্মসূচির সামনে দাঁড়িয়ে যথাসময়ে ভোট করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে আউয়াল কমিশন।

ইসি কর্মকর্তারা বলছেন, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আন্দোলনের কৌশল পরিবর্তন করতে পারে তারা। ভোট বাধাগ্রস্ত করতে জ্বালাও-পোড়াওসহ সহিংসতাও বাড়তে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলা করে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা ইসির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আবার সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে ভোটারদের মধ্যেও ভীতি তৈরি হবে।
সকাল বেলা কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোও বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ, যেদিন নির্বাচন হবে সেদিন প্রচুর শীত থাকবে। শীতের সময় গ্রামের রাস্তাগুলোতে বড় বড় গাছ থাকে। সে কারণে কুয়াশাচ্ছন্ন থাকে এলাকা। কুয়াশাচ্ছন্ন রাস্তায় সকাল বেলা নির্বাচনী মালামাল নিয়ে যাওয়া চ্যালেঞ্জ। অনেক এলাকা আছে উপজেলা থেকে ১০ থেকে ২০ মাইল দূরে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে ভালোভাবে হিসাব করতে হবে।

‘আমরা জানি, জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন প্রচার-প্রচারণায় যাচ্ছে, ভোটারদের আশ্বস্ত করে যাচ্ছে। এ ছাড়া, মোবাইল ও টেলিভিশনে বিজ্ঞপ্তি দিচ্ছে। পাশাপাশি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এগুলো কমিশনকে মোকাবিলা করতে হবে।’

এদিকে, রাজনৈতিক সংকটের মধ্যেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবং ভোটার উপস্থিতি বাড়াতে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ উন্মুক্ত করে দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ সুযোগে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়েও ভোটের লড়াইয়ে শামিল হয়েছেন পদধারী নেতা, সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর শক্তিশালী প্রার্থী না থাকায় বেশির ভাগ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগেরই মনোনীত ও মনোনয়নবঞ্চিত স্বতন্ত্ররা। এ অবস্থায় দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন ওই সব আসনের নেতাকর্মীরা। ভোটের লড়াইয়ে কেউ কাউকে ছাড়ও দিচ্ছেন না। আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে এবং এটা আরও প্রকট হতে পারে— মনে করছেন সংশ্লিষ্টরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা