রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ার ইসলাম বলেন, মোট ৪টি বগিতে আগুন লেগেছে। ৯টা ৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট স্পটে যাচ্ছে।
ট্রেনের ইঞ্জিন রুমের ভেতর থেকে বের হওয়া স্বেচ্ছাসেবী মো. রাসেল বলেন, ভেতরে প্রচণ্ড ধোঁয়া রয়েছে। আমরা দুজন বগির ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেছি। এখন আগুন নেই তবে প্রচণ্ড ধোঁয়া রয়েছে।
চোখের সামনে দুর্ঘটনা, কিছু করতে পারিনি
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, আগুনে বেশ কয়েকজন মানুষের প্রাণহানি ঘটেছে। তবে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকায় নেভানো যায়নি আগুন। শুধু তাদের চেয়ে চেয়ে দেখতে হয়েছে। এমন কি আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসেছে বলে অভিযোগ তাদের।
তিনি বলেন, অনেক মানুষ আমার চোখের সামনে মারা গেছে। এলাকাবাসী সবাই মিলে অনেক চেষ্টা করছি, কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারিনি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পানি নেই।
প্রত্যক্ষদর্শী এই ব্যক্তি আরও বলেন, ফায়ার সার্ভিস আগুন লাগার ১ ঘণ্টা পরে আসছে। আগে আসলে হয়ত আরো কিছু মানুষের প্রাণ বাঁচানো যেত। এত বড় আগুন, আমাদের কিছুই করার ছিল না।
স্থানীয় আরেক এলাকাবাসী বলেন, ট্রেনটি চলতি অবস্থাতেই আগুন লেগে এখানে আসে। ট্রেনটি দাঁড়ানোর সাথে সাথেই স্থানীয় লোকজন ছুটে আসে। পার্শ্ববর্তী বাড়িগুলো থেকে যে যেভাবে পেরেছে পানি দিয়ে সহযোগিতা করেছে।
তিনি আরও বলেন, ভিতর একজন লোক পুড়ে মরে আছে দেখছেন, তিনি অনেক রিকোয়েস্ট করছেন আমারে বাঁচাও, আমারে বাঁচাও। উনার বউ-বাচ্চাও ট্রেনে ছিলো। কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই করতে পারিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ট্রেনে আগুনের ঘটনায় ৭টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভেতরে যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে আমাদের কাজ চলমান রয়েছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য নেই আমাদের কাছে।