বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি শুরু থেকেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের দাবির সাথে একমত হয়েছে আরও ১৬টি রাজনৈতিক দল। তারা এবার দ্বাদশ নির্বাচনে অংশ নিচ্ছে না। এসব দল ভোট বর্জনের ঘোষণা দিয়ে ভোট ঠেকানোর আন্দোলনে রয়েছে। সঙ্গে রয়েছে বিদেশি চাপ। এসব চাপ মোকাবেলা করেই ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের দিকে এগিয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্বে সব প্রচার বন্ধ করতে হয়। সে অনুযায়ী, আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় প্রচার শেষ হবে। এক্ষেত্রে কেউ আইন না মানলে ছয় মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডিত হতে পারে। কমিশন চাইলে শুনানি করে কারো প্রার্থিতাও বাতিল করতে পারে।
এবার সংসদ নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৫৩৪ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। বিএনপিসহ নিবন্ধিত ১৬ রাজনৈতিক দল ভোট বর্জনের ঘোষণা দিয়ে ভোট ঠেকানোর আন্দোলনে রয়েছে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোটগ্রহণ স্থগিত করায় আগামী ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।