প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বেতন-ভাতার দাবিতে গার্মেন্টস ভাংচুর, সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৪

টাঙ্গাইলের মির্জাপু‌রের গোড়াই এলাকায় এক‌টি পোশাক কারখানার শ্রমিকরা বেতনভাতার দাবিতে কারখানায় ভাঙচুর চালিয়েছেন এবং পাশের মহাসড়ক অবরোধ ক‌রে‌ছেন। বৃহস্প‌তিবার (৪ জানুয়া‌রি) বিকেল থেকে নিউটেক্স নামের কারাখানার শ্রমিকরা এ আন্দোলন করছেন। 

এর ফ‌লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের যাত্রী ও চালক-সহকারীরা। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়‌কে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন।

পোশাক কারখানার শ্রমিক সাজ্জাত হোসেন, সুজন মিয়া, আলমগীর হোসেন, তাসলিমা বেগম ও সুরাইয়া আক্তার জানান, সরকার পোশাক কারখানার শ্রমিকদের জন্য সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতন স্কেল ঘোষণা করলেও কারখানার মালিকপক্ষ এখন পর্যন্ত তা কার্যকর করেনি। এ নিয়ে গত কয়েক দিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

গোড়াই শিল্পাঞ্চলের নিউট্রেক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, খান গার্মেন্টসসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা গোড়াইয়ের হাটুভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এএসএম মনসুর মুসা, মির্জাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ও গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি মোল্লা মো. টুটুল ঘটনাস্থলে এসেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা